বারুইপুরে দলীয় কর্মীকে খুন, গ্রেফতার বিজেপির বরখাস্ত নেতা!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে বিজেপি কর্মী বাপি প্রামাণিক খুনের ঘটনায় নতুন মোড় এসেছে। এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে বিজেপির বরখাস্ত হওয়া মণ্ডল সভাপতি সুজন মণ্ডলসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃত অন্য তিন অভিযুক্ত হলেন কৃষ্ণা মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, গত রবিবার হাড়দহ পঞ্চায়েতের উত্তর ট্যাঙ্গেরবেড়িয়া এলাকায় একটি পুজো কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম বিবাদ বাঁধে। সেই সময় বাপি প্রামাণিক ও তাঁর স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন। পরিবারের অভিযোগ, স্ত্রীর চোখের সামনেই বাপিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

পরিবারের লিখিত অভিযোগ ও তদন্তের ভিত্তিতে পুলিশ এই চারজনকে গ্রেপ্তার করে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলবিরোধী কাজের জন্য সুজন মণ্ডলকে আগেই বরখাস্ত করা হয়েছিল। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যের ভূমিকা খতিয়ে দেখতে পুলিশি তদন্ত জারি রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *