ইতিহাস গড়ল আসাম! ল্যাবে জন্ম নিল প্রথম দেশীয় লখিমী বাছুর
বার্তা ডেস্কঃ
পশুপালন ক্ষেত্রে এক অভূতপূর্ব ইতিহাস সৃষ্টি করল আসাম। বিশ্বে এই প্রথমবার ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ (IVF) পদ্ধতিতে জন্ম নিল আসামের একমাত্র নথিভুক্ত দেশীয় প্রজাতির গরু লখিমীর একটি স্ত্রী বাছুর। গত শনিবার গুয়াহাটির খানাপাড়ায় অবস্থিত আসাম ভেটেরিনারি ও ফিশারি বিশ্ববিদ্যালয়ের আইভিএফ ল্যাবরেটরিতে এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। রাষ্ট্রীয় গোকুল মিশনের আর্থিক সহায়তায় এবং বিজ্ঞানী ড. মঞ্জ্যোতি ভূঁঞার নেতৃত্বে এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। বিশুদ্ধ লখিমী গাভীর ডিম্বাণু ও ষাঁড়ের শুক্রাণু থেকে ল্যাবে ভ্রূণ তৈরি করে তা এক সংকর জাতের গর্ভে প্রতিস্থাপন করা হয়।
এই অর্জনকে বায়োটেকনোলজির ক্ষেত্রে বিশাল মাইলফলক হিসেবে অভিহিত করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় মানানসই এবং রোগ প্রতিরোধে সক্ষম লখিমী প্রজাতির এই জন্ম রাজ্যের পশুপালনে নতুন দিগন্ত খুলে দিয়েছে। গবেষকদের মতে, এই প্রযুক্তির ফলে একদিকে যেমন বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির সংরক্ষণ নিশ্চিত হবে, তেমনই উন্নত জিনের সংখ্যা বৃদ্ধি পেয়ে দুধের উৎপাদন বাড়বে। এর সুফল সরাসরি পাবেন স্থানীয় কৃষকরা, যা তাঁদের অর্থনৈতিক সমৃদ্ধি ত্বরান্বিত করবে।