আইফোনের কিস্তির চাপে মর্মান্তিক পরিণতি, নেপথ্যে কি অন্য কোনো রহস্য!

বার্তা ডেস্কঃ

মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে পাহাড় থেকে লাফিয়ে তরুণের আত্মহত্যার ঘটনা এবং তাঁকে বাঁচাতে গিয়ে বাবা-মায়ের খাদে পড়ে মৃত্যুর মর্মান্তিক পরিণতি গোটা দেশেই আলোড়ন সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে আইফোনের ইএমআই মেটাতে না পারার চাপকেই এই ট্র্যাজেডির মূল কারণ হিসেবে দাবি করা হলেও, এবার সামনে এল সম্পূর্ণ ভিন্ন এক তথ্য। মৃত তরুণের মাসি পল্লবী পাটিল সমস্ত গুজব উড়িয়ে দাবি করেছেন, এই মৃত্যুর পেছনে রয়েছে অন্য পারিবারিক রহস্য। ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে সকলকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি জানান, ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো জল্পনা তাঁদের পরিবারকে আরও বেশি মানসিক যন্ত্রণার মুখে ফেলছে।

পল্লবীর দাবি অনুযায়ী, মৃত তরুণের বাবা মুরলীধরন পেশায় ট্রাক চালক ছিলেন এবং দীর্ঘদিন ধরেই তাঁদের পারিবারিক অশান্তি চলছিল। ছয় বছর আগে তাঁদের বড় ছেলের মৃত্যুর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। ঘটনার দিন দুয়েক আগে মুরলীধর বাড়ি ফেরার পর নতুন করে বিবাদ শুরু হয়, যা হাতাহাতি পর্যন্ত গড়ায়। ওয়াকিবহাল মহলের ধারণা, আইফোনের কিস্তি নয়, বরং এই দীর্ঘদিনের গার্হস্থ্য অশান্তি এবং মানসিক অবসাদই এই ভয়াবহ মৃত্যুর আসল নেপথ্য কারণ। এর আগে গত বছরও মৃত তরুণ কুণাল পাহাড়ি খাদের ধারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। সব মিলিয়ে, এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত সত্য উদঘাটনে তদন্ত জারি রেখেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *