সরকারি স্কুলের বেহাল দশা কেন! রাজ্যের শিক্ষামন্ত্রীদের কড়া চিঠি সিজেপি প্রধানের

বার্তা ডেস্কঃ

দেশের সরকারি স্কুলগুলির বেহাল পরিকাঠামো ও করুণ দশা দূর করতে জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীদের কড়া চিঠি পাঠিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সরকারি স্কুলের জরাজীর্ণ ও বিপজ্জনক ছবি ছড়িয়ে পড়ার পরেই এই কড়া পদক্ষেপ করেছে প্রেসার গ্রুপটি। স্কুলগুলির বর্তমান পরিকাঠামো, শিক্ষক পদের শূন্যতা এবং রাজ্য সরকারের বরাদ্দ তহবিলের প্রকৃত ব্যবহার নিয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়ে একাধিক সুনির্দিষ্ট প্রশ্ন ছুড়ে দিয়েছেন দিপকে।

সিজেপি প্রধানের মতে, স্বাধীনতার দীর্ঘ বছর পরেও শিশুদের শিক্ষার মতো ন্যূনতম মৌলিক সুবিধার জন্য হাহাকার অত্যন্ত উদ্বেগের বিষয়। নিরাপদ পানীয় জল, সচল শৌচাগার বা বসার সামান্য বেঞ্চটুকু না থাকায় শিশুদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এটি কোনো দলীয় রাজনীতি নয়, বরং দেশের প্রতিটি শিশুর নিরাপদ ক্লাসরুম ও শিক্ষার অধিকার সুনিশ্চিত করার এক বৃহত্তর লড়াই। চলতি মাসেই ‘স্কুল ঠিক করো’ প্রচার অভিযানের মাধ্যমে দেশজুড়ে এই তদারকি শুরু করেছে সংস্থাটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *