তৃণমূলের বিদায়ে কি চাঙ্গা হচ্ছে লাল ঝান্ডা, জেনে নিন সিপিএমের নতুন ছক!
বার্তা ডেস্কঃ
তৃণমূল জমানার অনিয়ম, তোলাবাজি ও সিন্ডিকেট রাজ নিয়ে সাধারণ মানুষের বাড়তে থাকা ক্ষোভকে হাতিয়ার করে নতুন রাজনৈতিক রণকৌশল নিচ্ছে সিপিএম। কল্যাণীতে দলের বর্ধিত অধিবেশনে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের খসড়া রিপোর্টে এই গণআন্দোলনের রূপরেখা থাকতে পারে। অন্নপূর্ণা যোজনা, স্বাস্থ্যবিমা ও শাসক নেতাদের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে রাজ্যজুড়ে আন্দোলনের পরিধি বাড়ানোর নির্দেশ দেওয়া হচ্ছে। একইসঙ্গে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবিতে জোরালো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাম নেতৃত্ব।
তৃণমূলের পতনের মুখে বামেদের প্রতি সাধারণ মানুষের আগ্রহ তৈরি হওয়াকে সংগঠন প্রসারের সুযোগ হিসেবে দেখছে দল। তবে শুধু সমর্থন বাড়ানো নয়, কর্মীদের তাত্ত্বিক মান উন্নত করতে ‘পার্টি ক্লাস’ চালুর ওপর জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, অন্য দল থেকে আসা বিতর্কিত বা দাগি ব্যক্তিদের দলে স্থান না দেওয়ার ব্যাপারে কঠোর সতর্কবার্তা রয়েছে। মানুষের ক্ষোভকে আন্দোলনে রূপ দেওয়া এবং ভাবমূর্তি রক্ষার মধ্যে ভারসাম্য রেখেই এগোতে চাইছে সিপিএম।