৩১ অগাস্টের পরও কি চাকরি বহাল থাকবে? ২৬ হাজারের মামলায় বড় ইঙ্গিত!
বার্তা ডেস্কঃ
২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার জট এখনও মেটেনি। সুপ্রিম কোর্টের পূর্বের নির্দেশ অনুযায়ী, যোগ্য বা ‘আনটেইনটেড’ প্রার্থীদের কাজ চালিয়ে যাওয়ার মেয়াদ ছিল ৩১ অগাস্ট পর্যন্ত এবং ওই সময়ের মধ্যে নতুন নিয়োগ সম্পন্ন করার কথা বলা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়ায়, যোগ্য প্রার্থীদের চাকরি বহাল রাখার দাবিতে একটি অন্তর্বর্তীকালীন আবেদন (IA) জমা দেওয়া হয়।
মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে উত্থাপিত হলে আদালত আলাদা করে নতুন কোনো অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। বিচারপতি জয়মাল্য বাগচি জানান, যেহেতু আবেদনটি জমা রয়েছে, তাই শুনানির আগে পর্যন্ত সুপ্রিম কোর্টের আগের নির্দেশই কার্যকর থাকবে। মূল বেঞ্চে বিচারপতি সঞ্জয় কুমারের অসুস্থতার কারণে আবেদনটি প্রধান বিচারপতির এজলাসে তোলা হয়েছিল। আইনজীবীদের মতে, আদালতের এই অবস্থানের ফলে নতুন শুনানি না হওয়া পর্যন্ত যোগ্য প্রার্থীদের চাকরি হারানোর আপাতত কোনো আশঙ্কা নেই।