খরস্রোতা নদীতে পুরো পরিবারের ঝাঁপ, পকেটের এক টুকরো কাগজে লুকিয়ে কোন রহস্য?
বার্তা ডেস্কঃ
অন্ধ্রপ্রদেশে নদী থেকে এক ইঞ্জিনিয়ার ও তাঁর পরিবারের মর্মান্তিক পরিণতি গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছে। গোদাবরী নদীর খরস্রোতা জলে গোটা পরিবার নিয়ে ঝাঁপ দিয়েছিলেন ওই ইঞ্জিনিয়ার। স্থানীয় এক মৎস্যজীবীর সাহসিকতায় শুধু তাঁর দশ বছরের নাতি প্রাণে বেঁচে গেলেও, ইঞ্জিনিয়ার, তাঁর স্ত্রী ও মেয়ের প্রাণহানি ঘটে। উদ্ধারকাজে নেমে মৃত ইঞ্জিনিয়ারের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। আর সেই চিঠি ঘিরেই শুরু হয় আসল রহস্যের উন্মোচন।
চিঠিতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। স্কুল শুটিং কোচের বিরুদ্ধে ধর্ম পরিবর্তনের চাপ সৃষ্টি, খুন ও তোলাবাজির বিস্ফোরক অভিযোগ তোলেন ওই ব্যক্তি। ঘটনার গভীরে গিয়ে তদন্তে নামে পুলিশ। পাঁচ রাজ্যের মোট দশটি পুলিশ দলের দীর্ঘ তল্লাশি অভিযানের পর অবশেষে উত্তরপ্রদেশের মীরাট থেকে অভিযুক্ত শেখ সাদিক খানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত একটি চক্রের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন রাজ্যে ঘুরে পরিবারগুলোকে ধর্ম পরিবর্তনে বাধ্য করত। বর্তমানে অভিযুক্ত পুলিশ হেফাজতে রয়েছে এবং এই ঘটনার সঙ্গে বৃহত্তর কোনো ষড়যন্ত্র যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।