অধীর চৌধুরীর সিদ্ধান্তে কংগ্রেসের বড় বদল!
বার্তা ডেস্কঃ
রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে একাধিক তৃণমূল নেতা কংগ্রেসে যোগ দেন। ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানসহ কয়েকজন কাউন্সিলরের এই যোগদান ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সর্বভারতীয় কংগ্রেস কমিটির পশ্চিমবঙ্গের ইনচার্জ প্রকাশ জোশী সেই যোগদান প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন। এআইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, অন্য দল থেকে কাউকে কংগ্রেসে যোগদান করানোর আগে প্রদেশ কংগ্রেস কমিটির অনুমোদন এবং নাম তালিকার সঠিক যাচাই বাধ্যতামূলক।
দলের হাইকমান্ডের এই আকস্মিক হস্তক্ষেপে রাজ্য কংগ্রেসের অন্দরে শোরগোল শুরু হয়েছে। অভিযোগ উঠেছিল, যাঁদের কংগ্রেসে শামিল করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে অতীতে একাধিক বিতর্কিত অভিযোগ ও মামলা রয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যতে অন্য দল থেকে নেতা-কর্মী নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি একটি বিশেষ ‘যোগদান কমিটি’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ঘটনায় অধীর চৌধুরীর সিদ্ধান্ত সরাসরি কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপে আটকে যাওয়ায় রাজ্য কংগ্রেসে ক্ষমতার সমীকরণ ও অন্তর্দ্বন্দ্ব আরও একবার তীব্রভাবে প্রকাশ্যে চলে এল।