আর জি করের ইমার্জেন্সির সামনে ময়লার স্তূপ, চরম ভোগান্তিতে রোগী ও পরিজনরা!
বার্তা ডেস্কঃ
আর জি কর হাসপাতালের পুরোনো ভাঙা ইমার্জেন্সি বিল্ডিংয়ের সামনে জঞ্জালের স্তূপ ও তীব্র দুর্গন্ধের কারণে চরম অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকা সত্ত্বেও এই চত্বরের পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। ভাঙা ইমার্জেন্সির ঠিক পাশেই রয়েছে ক্যান্টিন এবং বিভিন্ন পরীক্ষার জন্য রোগীদের যাতায়াতের পথ। অথচ সেই দেওয়ালের পাশেই দীর্ঘদিন ধরে জমে রয়েছে ময়লার পাহাড়। ঐতিহাসিক অভয়া আন্দোলনের সময়কার বেশ কিছু স্লোগানও এই জঞ্জালের আড়ালে ঢেকে গেছে। রোগীদের আত্মীয়রা বাধ্য হয়ে এই পরিবেশের মধ্যেই বসবাস করছেন এবং দুর্গন্ধের মধ্যে দিন কাটাচ্ছেন।
পরিস্থিতি এতটাই গুরুতর যে, ওই চত্বর দিয়ে যাতায়াতের সময় রোগী ও তাঁদের পরিবারকে নাকে রুমাল চাপা দিতে হচ্ছে। ভাঙা ইমার্জেন্সির সামনেই খাবার খেয়ে উচ্ছিষ্ট খোলা জায়গায় ফেলার কারণে কুকুরের উপদ্রব ও দুর্গন্ধ আরও বাড়ছে। মধ্যমগ্রামের এক রোগীর আত্মীয় ক্ষোভ প্রকাশ করে জানান, হাসপাতাল কর্তৃপক্ষের উচিত অবিলম্বে জঞ্জাল অপসারণ করা এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা করা। হাসপাতালে আসা মানুষের একটাই দাবি, অবিলম্বে এলাকায় ডাস্টবিন বসানো হোক এবং এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তি মিলুক।