চাকরির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নদিয়ায় গ্রেফতার দুই!
বার্তা ডেস্কঃ
চাকরির প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে নদিয়া থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধুবুলিয়া ও নাকাশিপাড়া থানার যৌথ অভিযানে নাকাশিপাড়ার হরিদ্রাপোতা গ্রামের বাসিন্দা ফকির শেখ এবং সুখসাগর গ্রামের বাসিন্দা ওমর আলি মল্লিককে পাকড়াও করা হয়। অভিযোগ, কলকাতায় একটি অফিস খুলে সিকিউরিটি গার্ড এবং মেট্রোরেলসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে নেমে ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের তথ্য ও প্রমাণ হাতে পান তদন্তকারীরা। মঙ্গলবার গভীর রাতে যৌথ অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করেছে। আজ ধৃতদের কৃষ্ণনগর দায়রা আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং কলকাতার কথিত অফিসটির ভূমিকা কী, তা খতিয়ে দেখছে পুলিশ।