রবিবার পর্যন্ত দুর্যোগের কবলে রাজ্য, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার পর্যন্ত দুই বঙ্গেই ঝোড়ো হাওয়া সহ দফায় দফায় বৃষ্টিপাত চলবে। বুধবার থেকেই কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও নদিয়া সহ একাধিক জেলায় বৃষ্টির দাপট শুরু হয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রপাতসহ দমকা হাওয়া বইতে পারে। শুক্র ও শনিবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দুর্যোগের আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস বহাল রয়েছে। বিশেষ করে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী রবিবার পর্যন্ত এই প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির হাত থেকে রেহাই মিলছে না। তবে উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *