অনাস্থার আগেই বড় চমক, বীরভূমে অনুব্রত ঘনিষ্ঠ সভাপতির পদত্যাগ!

বার্তা ডেস্কঃ

বীরভূম জেলা পরিষদের পর এ বার রাজনগর পঞ্চায়েত সমিতি। অনাস্থা প্রস্তাবের মুখে ভোটাভুটির আগেই পদত্যাগের পথে হাঁটলেন রাজনগর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সভাপতি নিবেদিতা সাহা। গত সোমবার রাজনগর পঞ্চায়েত সমিতির ১৫ জন সদস্যের মধ্যে তৃণমূলের ৯ জন সদস্যের স্বাক্ষর করা অনাস্থা প্রস্তাব সিউড়ির সদর মহকুমাশাসকের কাছে জমা পড়েছিল। তার ঠিক পরের দিনই নিজের পদত্যাগপত্র জমা দেন নিবেদিতা। তাঁর পদত্যাগের এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন নিবেদিতা সাহা। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, তাঁর একমাত্র সন্তান ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার্থী এবং তাকে দেখভালের জন্য বিশেষ সময়ের প্রয়োজন। সেই কারণেই তিনি সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। তবে ব্যক্তিগত কারণের কথা বলা হলেও, রাজনৈতিক মহলের একাংশের দাবি, অনাস্থা প্রস্তাবের ভোটাভুটিতে হার নিশ্চিত বুঝেই আগাম এই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি নিয়ম মেনে পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী সময়ে নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *