আবর্জনার স্তূপে শত শত আসল আধার কার্ড! নড়েচড়ে বসল সিআইডি

বার্তা ডেস্কঃ

আলিপুরদুয়ার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে আবর্জনার স্তূপ থেকে শয়ে শয়ে আসল আধার কার্ড উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে এক সাফাই কর্মী ভ্যানে করে আবর্জনা সংগ্রহের সময় স্থানীয় পুলিশ ফাঁড়ির কাছে একটি ব্যাগ দেখতে পান। ব্যাগটি খুলে দেখা যায়, তাতে গোছা গোছা পরিচয়পত্র কাদা ও জলে মাখামাখি অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় কাউন্সিলর অরূপা রায়কে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি নিজের হেফাজতে নেন।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নথিগুলি শামুকতলা থানার দক্ষিণ চেজল এলাকার বাসিন্দাদের। কীভাবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিগুলি আবর্জনার ভাগাড়ে পৌঁছাল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই মাঠে নেমেছে পুলিশ ও সিআইডি। কাউন্সিলর জানিয়েছেন, নথিগুলি প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য সামাজিক মাধ্যমেও পোস্ট করা হয়েছে। সাধারণত পোস্ট অফিসের মাধ্যমে এই কার্ডগুলি বিতরণ করার নিয়ম থাকলেও, এই ঘটনার নেপথ্যে অন্য কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *