নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও পুত্র খুনের ঘটনায় গ্রেপ্তার দুই সুপারি কিলার!
বার্তা ডেস্কঃ
নদিয়ার নাকাশিপাড়ায় চাঞ্চল্যকর কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর পুত্র আবু সুফিয়ান জোড়া খুন মামলায় মিলল বড় সাফল্য। ওড়িশা ও কর্নাটক থেকে এই ঘটনায় সরাসরি জড়িত দুই সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ধৃত জাহাঙ্গির শেখ ও আমিন শেখকে ভিনরাজ্য থেকে পাকড়াও করার পর থেকেই শুরু হয়েছে তীব্র জেরা। খুনের নেপথ্যে প্রকৃত মাস্টারমাইন্ড কে এবং এই চুক্তির নেপথ্যে কী রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাতে বেথুয়া থেকে গাড়ি করে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন হন ওই কংগ্রেস নেতা ও তাঁর ছেলে। রাতের অন্ধকারে প্রথমে তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয় এবং পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এই ঘটনার পর পরিবারের পক্ষ থেকে স্থানীয় এক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। বর্তমানে ধৃতদের জেরা করে পুরো ঘটনার নেপথ্যে থাকা অন্য অপরাধীদেরও দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।