পড়ুয়া নেই তবু মিড ডে মিল! সাংবাদিক দেখেই পালালেন প্রধান শিক্ষক?
বার্তা ডেস্কঃ
পুরুলিয়া এক নম্বর ব্লকের মাতকুমডি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে নেই কোনো পড়ুয়া, অথচ নিয়মিত স্কুলে আসেন তিনজন শিক্ষক। ২০০৬ সালে প্রায় এক একর জমির ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে একসময় সাড়ে তিনশো শিক্ষার্থী থাকলেও বর্তমানে উপস্থিতি শূন্য। সম্প্রতি মিড ডে মিল ও পঠনপাঠন সংক্রান্ত বিষয়ে খতিয়ে দেখতে গেলে ঘটে অদ্ভুত এক ঘটনা। ক্যামেরার সামনে ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রশ্ন করা মাত্রই তিনি আকস্মিক দৌড় শুরু করেন। দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেও তিনি থামেননি। পরে ফিরে এসে ‘প্রকৃতির ডাকে’ সাড়া দিতে যাওয়ার মতো স্ববিরোধী ও অসংলগ্ন দাবি করেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, পড়ুয়াশূন্য এই স্কুলে শিক্ষকরা শুধু হাজিরা দিয়ে মাস গেলে বেতন নিচ্ছেন এবং ভুয়া মিড ডে মিলের বিল জমা দিচ্ছেন। নিম্নমানের শিক্ষার কারণে অভিভাবকরা তাঁদের সন্তানদের পাঁচ কিলোমিটার দূরের অন্য স্কুলে ভর্তি করিয়েছেন। বিদ্যুৎ সংযোগহীন ও জঙ্গলঘেরা এই বিদ্যালয়ের অনিয়ম নিয়ে ইতিমধ্যে পুরুলিয়া-১ নম্বর ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দাবি, নিয়মানুযায়ী মিড ডে মিল তৈরি হয় এবং প্রশাসনকে সবকিছুই মৌখিকভাবে জানানো হয়েছে।