পাহাড় থেকে সমুদ্র, ডেস্টিনেশন ওয়েডিংয়ের নতুন ঠিকানা এখন বাংলা!
বার্তা ডেস্কঃ
পাহাড়ের কোলে কিংবা সমুদ্রের নোনা হাওয়ায় বিয়ের অনুষ্ঠান সারার স্বপ্ন এখন বাস্তবায়িত হতে চলেছে খোদ বাংলাতেই। আধুনিক প্রজন্মের ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর চাহিদাকে মাথায় রেখে রাজ্যকে আন্তর্জাতিক স্তরের ‘ওয়েডিং ডেস্টিনেশন’ হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গের পর্যটন দফতর।
পর্যটন দফতরের মাস্টারপ্ল্যান রাজ্যকে ওয়েডিং ট্যুরিজমের শীর্ষে পৌঁছে দিতে দেশের প্রথম সারির ওয়েডিং প্ল্যানারদের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। দার্জিলিংয়ের বরফাবৃত পাহাড়, সুন্দরবনের প্রাকৃতিক রূপ, পুরুলিয়ার রুক্ষ সৌন্দর্য এবং দিঘার সমুদ্র সৈকতের পাশাপাশি রাজ্যের ঐতিহাসিক রাজবাড়ি ও দুর্গগুলিকে বিয়ের এক্সক্লুসিভ ভেন্যু হিসেবে ব্যবহার করাই সরকারের মূল লক্ষ্য।
অবকাঠামো ও পরিষেবায় বড় বদল পর্যটকদের সুবিধা বাড়াতে এবং রাজস্ব বৃদ্ধিতে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে:
- ট্যুরিস্ট অ্যামেনিটি সেন্টার: রাজ্যজুড়ে ১,০০০টি নতুন অ্যামেনিটি সেন্টার, বিশুদ্ধ পানীয় জল ও আধুনিক বায়ো-টয়লেট স্থাপন।
- ডিস্ট্রিক্ট ট্যুরিজম প্যাকেজ: প্রতিটি জেলার দর্শনীয় স্থানগুলিকে একত্রিত করে বছরভর পর্যটন বজায় রাখার জন্য বিশেষ প্যাকেজ।
- হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট: উত্তরবঙ্গের আতিথেয়তা শিল্পকে জোরদার করতে শিলিগুড়িতে নতুন প্রশিক্ষণ কেন্দ্র।
‘ওয়ান স্টেট, ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন’ ভাবনাকে সামনে রেখে প্রথম ধাপে দার্জিলিং, সুন্দরবন, দিঘা ও মন্দারমণির পরিকাঠামো আন্তর্জাতিক মানের করার কাজ শুরু হচ্ছে। সরকারের এই পদক্ষেপে রাজ্যের অর্থনীতি ও পর্যটন শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।