রেলের চাদর জড়িয়ে বাজারে ‘ফ্যাশন প্যারেড’! ভাইরাল হতেই ধেয়ে এল নেটপাড়ার কটাক্ষ
বার্তা ডেস্কঃ
রেলের এসি কোচের যাত্রীদের ব্যবহারের জন্য সরবরাহ করা সরকারি চাদর গায়ে জড়িয়ে প্রকাশ্য বাজারে ঘুরে বেড়ানোর একটি ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে চরম ভাইরাল হয়েছে। ‘শিবম_ট্রাভেলস৬৩১১’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত এই ভিডিওটিতে দেখা যায়, তিন যুবক গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’ লেখা চাদর জড়িয়ে দিব্যি ঘোরাফেরা করছেন। ভিডিও ধারণ করার সময় ওই যুবকদের একজন ক্যামেরা দেখে কিছুটা আড়চোখে তাকালেও, তাদের মধ্যে চুরির কোনো অনুশোচনা বা লুকোচুরি লক্ষ্য করা যায়নি। ক্যামেরার পেছনের ব্যক্তির কণ্ঠেও এই কান্ড নিয়ে স্পষ্ট বিস্ময় ও ক্ষোভ প্রকাশ পায়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে এবং নেটিজেনরা বিভিন্ন ধরনের কৌতুক ও কটূক্তি করতে শুরু করেছেন। কেউ মন্তব্য করেছেন যে টিকিট কাটলেই বুঝি এ ধরনের বেডশিট ফ্রি দেওয়া হয়, আবার কেউ একে নতুন কোনো ফ্যাশন ব্র্যান্ড বলে বিদ্রুপ করেছেন। প্রসঙ্গত, এর আগে ভারতীয় রেলে এসি কোচ থেকে ১ কোটি ২৭ লাখেরও বেশি বিছানাপত্র ও আনুষঙ্গিক সামগ্রী চুরির উদ্বেগজনক তথ্য সামনে এসেছিল, যার মধ্যে লক্ষাধিক চাদর ও টাওয়েল অন্তর্ভুক্ত। এমন পরিস্থিতিতে রেলের সম্পত্তি চুরির এই নতুন ঘটনা এবং যুবকদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ সাধারণ মানুষের মনে নতুন করে প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি করেছে।