বিজেপি-তৃণমূলের গোপন আঁতাত! সুকান্তকে নিশানা করে বিধায়কের শোকজে তুঙ্গে বিতর্ক

বার্তা ডেস্কঃ

বিজেপি ও তৃণমূল নেতৃত্বকে একই সূত্রে গেঁথে সোশাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য করার জেরে বড়সড় পদক্ষেপ করল রাজ্য নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং প্রাক্তন মন্ত্রী বিপ্লব মিত্রকে নিশানা করে ‘মাখো মাখো’ সম্পর্ক ও ‘মাসতুতো ভাই’ তত্ত্ব তুলে ধরার অভিযোগে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়কে আনুষ্ঠানিকভাবে শোকজ করা হলো। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশ এবং শৃঙ্খলারক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী এই চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি একটি ফেসবুক লাইভ এবং বিভিন্ন গণমাধ্যমে বিধায়কের এই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব কড়া আপত্তি জানিয়ে সরাসরি রাজ্য নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। দলের শৃঙ্খলা ভঙ্গের এই অভিযোগের ভিত্তিতে আগামী সাতদিনের মধ্যে বিধায়ককে শোকজের সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত বিধায়কের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *