রংপুরে হিন্দু পরিবারে নৃশংস হামলা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম সনাতনীদের!
বার্তা ডেস্কঃ
বাংলাদেশের রংপুরে এক শিক্ষকসহ তাঁর পরিবারের চার সদস্যকে নির্মমভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশজুড়ে। নিহতদের মধ্যে শিক্ষকের স্ত্রী ও কিশোরী মেয়েও রয়েছেন। এই নৃশংস হত্যাকাণ্ডের আগে মা ও মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ হিন্দু মহাজোট। যদিও পুলিশ দাবি করেছে, ধৃত দুই আত্মীয় গলা টিপে চারজনকে খুন করেছে এবং এই ঘটনায় কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। তবে মর্গ কর্মীর একটি বিতর্কিত দাবির জেরে পুলিশের ভূমিকা ও ফরেন্সিক রিপোর্ট নিয়ে জোরালো প্রশ্ন তুলেছে স্থানীয় হিন্দু সমাজ।
প্রকৃত দোষীদের আড়াল করে পুলিশ ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এই ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। বর্তমানে চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার ডিটেকটিভ ব্রাঞ্চের (DB) হাতে ন্যস্ত করা হয়েছে। এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসল অভিযুক্তদের গ্রেফতার করা না হলে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সনাতনীরা।