ভূত তাড়ানোর নামে লক্ষাধিক টাকা ও গয়না নিয়ে উধাও তান্ত্রিক!
বার্তা ডেস্কঃ
মুর্শিদাবাদের এক তান্ত্রিকের আশ্বাসের ফাঁদে পা দিয়ে সর্বস্বান্ত হয়েছেন কলকাতার এক যুবতী। পারিবারিক হতাশা কাটাতে এবং শয়তানের ছায়া দূর করার নামে যজ্ঞের আয়োজন করেছিলেন বেহালার রাজা রামমোহন রায় রোডের ওই বাসিন্দা। সোমনাথ নামের ওই তান্ত্রিক সঙ্গিনী ও এক শিষ্যকে নিয়ে যুবতীর বাড়িতে এসে পাশে বসিয়ে যজ্ঞ করার সময় তাঁকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানি করে। পুজো ও যজ্ঞের নামে তান্ত্রিক যুবতীর কাছ থেকে প্রায় তিন লক্ষ ২৯ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে সোনা ছাড়া পুজো সম্পূর্ণ হবে না জানিয়ে ঘুমের ওষুধ মেশানো প্রসাদ খাইয়ে যুবতীকে অচেতন করে এবং তাঁর সমস্ত সোনার গয়না নিয়ে চম্পট দেয়। চেতনা ফেরার পর যোগাযোগ করলে উল্টে তাঁকে হুমকি ও শারীরিকভাবে নিগ্রহ করা হয়। দীর্ঘ চেষ্টার পর অবশেষে বেহালা থানায় তান্ত্রিকসহ তিনজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবতী। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং অভিযুক্তদের সন্ধানে মুর্শিদাবাদে খোঁজখবর নেওয়া হচ্ছে।