২৯’এ ফের বিধানসভা ভোট, প্রস্তুতি শুরু!
বার্তা ডেস্কঃ
আসন্ন ডিলিমিটেশন বিল পাশ এবং ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’ নীতি কার্যকর হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে ২০২৯ সালেই ফের বিধানসভা ভোটের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে শাসক শিবির। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভারতী ভবনে আয়োজিত এক কর্মী সম্মেলনে দলীয় কর্মীদের উদ্দেশে এই কঠোর বার্তা দিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। পুরভোট এবং সম্ভাব্য বিধানসভা নির্বাচন একসঙ্গে আসার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো দ্রুত সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মন্ত্রীর এই তাৎপর্যপূর্ণ মন্তব্যকে ঘিরেই ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গেছে জোরদার জল্পনা।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শুধুমাত্র দলীয় কর্মীদের চাঙ্গা করতেই নয়, বরং কেন্দ্রের শীর্ষ নেতৃত্ব থেকে নির্দিষ্ট কোনো জোরালো বার্তা পাওয়ার পরই এমন মন্তব্য করেছেন অগ্নিমিত্রা পাল। বিরোধী দলগুলিকে পাশ কাটিয়ে ডিলিমিটেশন সহ একাধিক বিল পাশ করানোর ক্ষেত্রে কৌশলগত প্রস্তুতি হিসেবেও এই নির্দেশকে দেখা হচ্ছে। যদিও এ বিষয়ে দলের রাজ্য কমিটির পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য এড়িয়ে যাওয়া হয়েছে, তবুও ঘাসফুল ও পদ্ম শিবিরের রাজনৈতিক সমীকরণে এই বার্তা যে নতুন উত্তাপ ছড়াচ্ছে, তা বলাই বাহুল্য। সামনের দিনগুলোতে রাজ্যের রাজনৈতিক গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার অপেক্ষায় ওয়াকিবহাল মহল।