নেপালে গিয়ে বিপাকে খরাজ, শুটিং করতে গিয়েই বড় বিপত্তি!

বার্তা ডেস্কঃ

নেপালের চিন সীমান্ত সংলগ্ন রাসুয়া জেলায় হঠাৎ নেমে আসা ভয়াবহ হড়পা বানের তাণ্ডবে ধূলিসাৎ হয়েছে বিস্তীর্ণ এলাকা। এই প্রাকৃতিক বিপর্যয়ের মাঝে পড়ে নতুন বাংলা ছবি ‘শিকারি’-র শুটিং করতে গিয়ে সেখানে আটকে পড়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও তাঁর স্ত্রী। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রথমদিকে উৎকণ্ঠা তৈরি হলেও, অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁরা দুজনেই সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন। অভিনেতার পুত্র তমোহ্ন মুখোপাধ্যায় জানান, বিপর্যয়স্থল থেকে অনেকটাই দূরে নিরাপদ আশ্রয়ে আছেন তাঁর বাবা-মা। তবে দুর্যোগের জেরে বিমান ও যান চলাচল ব্যাহত হওয়ায় তাঁদের কলকাতায় ফিরতে কিছুটা সময় লাগবে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তাঁরা দ্রুত দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এদিকে, নেপালের এই প্রাকৃতিক বিপর্যয়ের রোমহর্ষক ছবি ও ভিডিও সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, এই ভয়াবহ হড়পা বানে ইতিমধ্যেই অন্তত আটজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে এবং নিখোঁজ রয়েছেন শতাধিক মানুষ। আটকে পড়া ব্যক্তিদের মধ্যে প্রায় ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *