জমজ সন্তান ভেবেই আলট্রাসাউন্ড, রিপোর্ট হাতে পেতেই চক্ষু চড়কগাছ!

বার্তা ডেস্কঃ

নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটে গেল এক বিরল ও অভূতপূর্ব ঘটনা। যমজ সন্তান ধারণের খবর জানলেও, ইউএসজি করানোর পর দুই প্রসূতির জীবনে এল এক বিশাল চমক। শান্তিপুরের বাসিন্দা সুজাতা সাঁতরা ও কাঞ্চন বিশ্বাস নামের দুই অন্তঃসত্ত্বার প্রত্যেকের গর্ভে যমজ নয়, রয়েছে তিনটি করে সন্তান। সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ায় এবং কোনো রকম আইভিএফ ছাড়াই এই ত্রিপলেট গর্ভাবস্থা তৈরি হয়েছে। বর্তমানে প্রায় পাঁচ মাসের এই দুই প্রসূতি সরকারি হাসপাতালের গাইনোকলজিস্ট চিকিৎসক পবিত্র ব্যাপারীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, একসঙ্গে দুই মায়ের গর্ভে তিনটি করে মোট ছয়টি সন্তান বেড়ে ওঠার এই ঘটনা অত্যন্ত বিরল ও ঝুঁকিপূর্ণ। আর্থিকভাবে দুর্বল দুই প্রসূতির পরিবার বেসরকারি হাসপাতালের খরচ বহন করতে না পারায় সরকারি চিকিৎসার ওপরই ভরসা রেখেছেন। এদিকে চিকিৎসকরাও বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে এই ঝুঁকিপূর্ণ প্রসব সম্পন্ন করতে বদ্ধপরিকর। সব ঠিক থাকলে এই হাসপাতালেই সফলভাবে জন্ম নেবে ছয়টি নতুন প্রাণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *