গান গাওয়ার টোপ দিয়ে নাবালিকাকে হোটেলে বন্দি, পুলিশের রুদ্ধশ্বাস অভিযানে ফাঁস জঘন্য চক্র!

বার্তা ডেস্কঃ

দক্ষিণ কলকাতার একটি হোটেলে নাবালিকাকে আটকে রেখে মধুচক্রে নামানোর চাঞ্চল্যকর চক্রান্তের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ। গড়ফার ওই হোটেলে গান গাওয়ার লোভনীয় অফার দিয়ে নাবালিকাকে ডেকে আনা হয়েছিল বলে অভিযোগ। এরপর তাকে একটি ঘরে দীর্ঘক্ষণ বন্দি করে রেখে যৌন ব্যবসায় নামানোর পরিকল্পনা করে অভিযুক্তরা। এমনকি, এর জন্য খদ্দের খোঁজা শুরু হয়েছিল বলেও তদন্তে উঠে এসেছে। কিন্তু ভাগ্যক্রমে বন্দি অবস্থা থেকেই কোনোমতে এক পরিচিতকে গোটা বিষয়টি জানিয়ে সাহায্য চায় ওই নাবালিকা।

সেই পরিচিতের মাধ্যমেই খবর পেয়ে দ্রুত নড়েচড়ে বসে লালবাজার। পুলিশের একটি বিশেষ দল গড়ফার ওই হোটেলে অতর্কিত অভিযান চালিয়ে নাবালিকাকে নিরাপদে উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই চার অভিযুক্ত হোটেল কর্মীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এই জঘন্য চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *