হড়পা বানের গ্রাসে নিখোঁজ তিনশো ভারতীয়, মানচিত্র থেকে মুছে গেল আস্ত শহর!
বার্তা ডেস্কঃ
নেপালে প্রকৃতির ভয়ংকর তাণ্ডবে রসুয়া অঞ্চলে বিপর্যয়ের জেরে ১৬০ জনের মৃত্যুর খবর মিলেছে এবং নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ। কাঠমান্ডুতে আয়োজিত এক সামিটে সে দেশের বিদেশমন্ত্রী শিশির খানাল জানান, কয়েক ঘণ্টার মধ্যেই একের পর এক শহর ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর তথ্য সামনে এলেও প্রকৃত ক্ষয়ক্ষতি এখনও পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি। পাহাড়ি ভূখণ্ড ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার কারণে উদ্ধারকাজে চরম বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।
এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে ভারতীয় নাগরিকদের নিখোঁজ হওয়া নিয়ে উদ্বেগ বহুগুণ বেড়ে গেছে। নেপালের বিদেশমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, কৈলাস-মানস সরোবর যাত্রায় গিয়ে প্রায় ৩০০ ভারতীয় তীর্থযাত্রী বর্তমানে নিখোঁজ রয়েছেন। রসুয়া হয়ে মানস সরোবরের পথে নিয়মিত যাতায়াতকারী এই ভারতীয়দের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে নেপাল সরকার। বানের তোড়ে বহু বসতি ও সেতু ভেসে যাওয়ায় নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোই এখন প্রশাসনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।