চোখের পলকে ছারখার সব! নেপাল কি অভিশপ্ত?
বার্তা ডেস্কঃ 
তীব্র প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে ১৫৭ জনে দাঁড়িয়েছে, এখনও নিখোঁজ শতাধিক মানুষ। বুধবার তিব্বত সীমান্ত লাগোয়া রাসুওয়া জেলায় আচমকা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় এই মর্মান্তিক বিপর্যয় ঘটে। ভোটে কোশী নদী থেকে নেমে আসা জলের স্রোত ত্রিশূলী নদীতে মিশলে সেতু, বসতি ও একাধিক গুরুত্বপূর্ণ প্রজেক্ট মুহূর্তে ভেসে যায়। বিশেষজ্ঞদের মতে, তীব্র ভূমিকম্প কিংবা ভূমিধসের কারণে নদীর গতিপথ অবরুদ্ধ হয়ে এই হঠাৎ বন্যার সৃষ্টি হয়েছে।
হিমালয়ের এই অঞ্চলে এমন বিপর্যয় নতুন নয়। গত কয়েক দশকে হিমবাহ দ্রুত গলে যাওয়ায় অসংখ্য বিপজ্জনক হ্রদ তৈরি হয়েছে, যার প্রাকৃতিক বাঁধ ভেঙে প্রায়ই এমন বিপর্যয় ঘটছে। এর পাশাপাশি নদীর পাড়ে লাগামহীন নির্মাণকাজ বিপদ আরও বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সময়মতো হিমালয়ের উপরে নজরদারি ও আগাম সতর্কতা ব্যবস্থা না নিলে এই বিপর্যয়ের প্রভাব শুধু নেপালে সীমাবদ্ধ থাকবে না, বরং তা ভারতের নদী অববাহিকা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।