বাংলার আকাশে ফের দুর্যোগের ঘনঘটা, কোন জেলায় হবে প্রবল বৃষ্টি?

বার্তা ডেস্কঃ

উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ফের দুর্যোগের ঘনঘটা শুরু হয়েছে বাংলার আকাশে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওড়িশার উপর দিয়ে বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা ও দিঘা থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত ছড়ানো মৌসুমি অক্ষরেখার জেরে আবহাওয়ায় এই পরিবর্তন এসেছে। এর ফলে বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, কলকাতা, হাওড়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির জন্য ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা ও মেঘের সঞ্চার আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার বিশেষ করে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মাঝারি বৃষ্টির পরিধি আরও প্রসারিত হতে পারে। বৈরী আবহাওয়ার এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *