নেপালে ভয়াবহ দুর্যোগ, নিখোঁজ বাঙালি পর্যটকদের উদ্ধারে কী পদক্ষেপ?

বার্তা ডেস্কঃ

প্রকৃতির ভয়াবহ তান্ডবে বিধ্বস্ত নেপাল জুড়ে চরম অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়েছেন বসিরহাটের এক অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি এবং শিলিগুড়ির এক বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, দিন সাতেক আগে নেপালের উদ্দেশ্যে রওনা দেওয়া বসিরহাট পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন মণ্ডল ও মৌ মণ্ডল কৈলাসে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বিপর্যয়ের পর থেকেই তাঁদের মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কোন খোঁজ না মেলায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বজন ও প্রতিবেশীরা।

অন্যদিকে, শিলিগুড়ির শান্তিনগর বউবাজার এলাকার বাসিন্দা সমর মণ্ডলও গত ১৬ আগস্ট পর্যটক হিসেবে নেপালে গিয়ে আটকে পড়েছেন। মানস সরোবর পৌঁছানোর আগেই অসুস্থ বোধ করায় তিনি ফিরে আসতে চেয়েছিলেন, তবে বুধবার ইমিগ্রেশনের কাজ সেরে কাঠমান্ডু ফেরার কথা থাকলেও এরপর থেকে তাঁর সঙ্গেও আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সমরবাবুর এমন পরিস্থিতিতে স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ বাবা-মা দিশেহারা হয়ে পড়েছেন। প্রিয়জনদের দ্রুত অক্ষত অবস্থায় ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন উদ্বিগ্ন পরিবারের সদস্যরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *