শত্রুর চোখ ধাঁধিয়ে দিতে ভারতের হাতে আসছে বিধ্বংসী রুশ অস্ত্র!
বার্তা ডেস্কঃ
ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়াতে রাশিয়ার থেকে ৩০০টি ‘আর-৩৭এম আওয়াক্স কিলার’ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। ১.২ বিলিয়ন ডলারের এই চুক্তির ফলে সুখোই যুদ্ধবিমানের বহরে যুক্ত হতে চলেছে এই বিশেষ অস্ত্র। মূলত চিন ও পাকিস্তানকে নজরে রেখেই এই পদক্ষেপ করা হয়েছে, যা যুদ্ধক্ষেত্রের কৌশলগত সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে সক্ষম। ন্যাটোয় এই ক্ষেপণাস্ত্রটি ‘এএ-১৩ এক্সহেড’ নামে পরিচিত।
সাধারণ ডগফাইটের বদলে এই ক্ষেপণাস্ত্রের প্রধান কাজ হল যুদ্ধক্ষেত্রে শত্রুর সবচেয়ে গুরুত্বপূর্ণ নজরদারি মাধ্যমগুলি ধ্বংস করা। এর মূল নিশানায় থাকে আকাশ থেকে ৪০০-৫০০ কিমি দূর পর্যন্ত সবকিছু দেখতে পাওয়া আওয়াক্স বিমান, যা ছাড়া যুদ্ধবিমানগুলি কার্যত অন্ধ। এছাড়া শত্রুর রিফুয়েলিং ট্যাঙ্কার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমানকে নিকেশ করতেও এটি বিশেষভাবে পটু। ৩০০ থেকে ৪০০ কিলোমিটার পাল্লার এই ৫৬১ কেজি ওজনের ক্ষেপণাস্ত্র ৬০ কেজির ওয়ারহেড বহনে সক্ষম। ইউক্রেন যুদ্ধে এই অস্ত্রের কার্যকারিতা প্রমাণিত হয়েছে। ভারতের নিজস্ব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই অস্ত্র দেশের আকাশসীমার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।