নেপালে প্রলয়কাণ্ড, উত্তরবঙ্গের পাহাড়েও কি বড় বিপদ আসছে?
বার্তা ডেস্কঃ
প্রতিবেশী রাষ্ট্র নেপালে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানের জেরে তছনছ হয়ে গিয়েছে জনজীবন। শয়ে শয়ে মানুষের মৃত্যুর পাশাপাশি বহু পর্যটক নিখোঁজ থাকায় এ রাজ্যেও তৈরি হয়েছে চরম আতঙ্ক। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পাহাড়ি ও সমতল জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, তা নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সাত দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা শনিবার থেকে কিছুটা কমতে পারে। এদিকে, নেপালে আটকে থাকা বা নিখোঁজ পশ্চিমবঙ্গের বাসিন্দাদের উদ্ধারে তৎপর হয়েছে প্রশাসন। রাজ্য ও কলকাতা পুলিশের পাশাপাশি ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও একাধিক জরুরি হেল্পলাইন নম্বর ও কন্ট্রোল রুম চালু করা হয়েছে।