রাখির দিনে যাদবপুরের পথে ১০ হাজার কণ্ঠে বন্দে মাতরম!
বার্তা ডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংঘর্ষ ও উত্তেজনার আবহে ক্যাম্পাসের বাইরে বড়সড় রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার যাদবপুরের ৮বি মোড়ে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সরকারের ‘সহস্র কণ্ঠে বন্দে মাতরম’ কর্মসূচি। বিকেল ৩টে নাগাদ শুরু হতে যাওয়া এই বিশেষ আয়োজনে প্রায় ১০ হাজার মানুষের সমবেত কণ্ঠে বন্দে মাতরম গান গাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাখিবন্ধন উৎসবের দিনটিকে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে ‘দেশপ্রেম দিবস’ হিসেবে পালন করা হবে বলে ঘোষণা করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে দেশপ্রেমের বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং এর জন্য ৮বি বাসস্ট্যান্ড চত্বরে বিশাল র্যাম্প তৈরি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় চত্বরে রাষ্ট্রবাদ প্রতিষ্ঠার ডাক দিয়ে একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। যাদবপুর ক্যাম্পাসের ভেতরের নানা ঘটনা ও স্লোগান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। এই কর্মসূচির জেরে যাদবপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া করা হয়েছে এবং যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই হাই-প্রোফাইল ইভেন্ট ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।