কল্যাণী মেডিক্যালে রোগীর যৌন হেনস্থা, কাঠগড়ায় খোদ আরএমও!

বার্তা ডেস্কঃ

কল্যাণীর কলেজ অব মেডিসিন এবং জেএনএম হাসপাতালের এক আবাসিক চিকিৎসকের (আরএমও) বিরুদ্ধে অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পোস্টগ্র্যাজুয়েট ট্রেনিরা (পিজিটি)। কলেজের প্রিন্সিপালের কাছে জমা পড়া লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, শারীরিক পরীক্ষার নামে নির্দিষ্ট সমস্যা নিয়ে আসা সাধারণ রোগীদের যৌন হেনস্থা করেছেন ওই অভিযুক্ত আরএমও। পরীক্ষার ছলে রোগীর স্তনে একাধিকবার স্পর্শ করা এবং জোর করে জামাকাপড় খোলানোর মতো গুরুতর ও অশালীন আচরণ করা হয়েছে। পাশাপাশি, জরুরি বিভাগের সংকটজনক মুহূর্তে তাঁর অনুপস্থিতি এবং সহকর্মীদের নিয়ে অপমানজনক মন্তব্য করার অভিযোগও সামনে এসেছে।

এই গুরুতর ঘটনায় হাসপাতালের চিকিৎসা মহলে তীব্র আলোড়ন ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে কলেজের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এবং হাসপাতালের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. ধ্রুব সরকার জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই যথাযথ পদক্ষেপ হিসেবে তা প্রিন্সিপালের দপ্তরে পাঠানো হয়েছে এবং বর্তমানে নিরপেক্ষ তদন্ত প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এখন দেখার বিষয়, এই ঘটনার জল কতদূর গড়ায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *