মমতার সঙ্গে ৪০ বছরের সম্পর্ক চুকিয়ে বিস্ফোরক কাকলি!

বার্তা ডেস্কঃ

তৃণমূল কংগ্রেস ত্যাগ করে এনসিপিআই-এ যোগ দেওয়ার পর প্রথম প্রকাশ্য কর্মসূচিতেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। শুক্রবার রাখিবন্ধন উৎসব উপলক্ষে বারাসাত জেলা পরিষদের প্রেক্ষাগৃহে আয়োজিত এক সংবর্ধনা মঞ্চ থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। বিগত বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে কটাক্ষ করে তিনি দাবি করেন, বাংলার সাধারণ মানুষ বল মাঠের বাইরে পাঠিয়ে ইতিমধ্যেই সেই খেলার ইতি ঘটিয়েছেন। চার দশকের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানান, গত পাঁচ-সাত বছর ধরে তৃণমূল সুপ্রিমোর আচরণে তিনি অত্যন্ত মর্মাহত ছিলেন এবং সেই ক্ষোভ থেকেই তাঁর এই দলবদল।

দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দলত্যাগী নেতাদের উদ্দেশে কড়া বার্তা দেওয়া হলেও নিজের অবস্থানে অনড় থাকার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কাকলি। তিনি সাফ জানান, বাংলার মানুষের রায়কে সম্মান জানিয়ে তাঁরা স্বেচ্ছায় দল ছেড়েছেন এবং ভবিষ্যতে পুরনো দলে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। দলত্যাগ-বিরোধী আইনের নোটিস প্রসঙ্গে তিনি জানান, বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন রয়েছে এবং লোকসভার স্পিকারের নির্দেশ অনুযায়ী তিনি যথাসময়ে উপযুক্ত জবাব দেবেন। এর পাশাপাশি বালি, সোনা ও কয়লা পাচারের মতো গুরুতর অভিযোগ তুলে সরাসরি শাসকশিবিরকে নিশানা করে তিনি বলেন, রাজ্যজুড়ে চলা এসব অবৈধ কারবারের চূড়ায় বসে রয়েছেন খোদ দলনেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *