বদলি হলেই মিলবে ৫০ হাজার টাকা, জানুন রাজ্য সরকারের নতুন এই নিয়ম!
বার্তা ডেস্কঃ
সরকারি কর্মীদের জন্য নতুন আর্থিক সাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। এখন থেকে বদলি হয়ে নতুন কর্মস্থলে গেলে সরকারি কর্মীরা বদলির অনুদান ও মালপত্র গোছানোর ভাতা হিসেবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অথবা এককালীন মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত অর্থ পাবেন। এই বিশেষ ভাতা তোলার জন্য কোনো ধরনের রসিদ বা ভাউচারের প্রয়োজন হবে না, যা কর্মীদের জন্য একটি বড় স্বস্তির বিষয়। বাসস্থান পরিবর্তনের প্রয়োজনে ৩০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের বদলির ক্ষেত্রে পুরো অনুদান মিলবে। অন্যদিকে, ৩০ কিলোমিটারের কম দূরত্বের বদলির ক্ষেত্রে এক-তৃতীয়াংশ হার প্রযোজ্য হবে। নতুন কোনো জায়গায় স্থায়ীভাবে বসবাস শুরু করতে যাওয়া অবসরগ্রহণকারী কর্মীরাও এই সুবিধার আওতায় থাকবেন।
শুক্রবার এই নতুন সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। রাজ্য মন্ত্রিসভা কয়েক দশকের পুরনো ‘ট্রান্সফার গ্রান্ট’ ও ‘প্যাকিং অ্যালাউন্স’-এর পরিবর্তে একটি সরলীকৃত ও উন্নত ‘কম্পোজিট ট্রান্সফার অ্যান্ড প্যাকিং গ্রান্ট’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে। অর্থদপ্তরের জারি করা নির্দেশিকা অনুযায়ী, বদলির ক্ষেত্রে চলতি বছরের ১ জুন এবং অবসরের ক্ষেত্রে চলতি বছরের ৩১ মে থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। কোনো সরকারি কর্মী পরিবারকে সঙ্গে না নিয়ে গেলেও নিজের মালপত্র সরিয়ে নিলে এই অনুদান পাবেন। এছাড়া ব্যক্তিগত মালপত্রের পরিমাণের ওপর এই অনুদানের পরিমাণ নির্ভর করবে না।