কলেজ পরিচালন সমিতিতে বিজেপি প্রতিনিধি কেন, ঋতব্রতের প্রশ্নে তোলপাড়!
বার্তা ডেস্কঃ
কলেজ পরিচালন সমিতিতে রাজনৈতিক প্রতিনিধি রাখার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের জোরালো দাবি তুললেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রানি রাসমণি রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানমঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র আন্দোলনের প্রোডাক্ট হলেও দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ রয়েছে, যা অবিলম্বে চালু করা দরকার। একইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন সরকারি ও সরকার পোষিত কলেজগুলির গভর্নিং বডির সভাপতি পদে বিজেপির জনপ্রতিনিধিদের বসানো হচ্ছে?
সাম্প্রতিক শিক্ষাদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ও সরকার পোষিত কলেজগুলির পরিচালনা সমিতির সভাপতি পদে থাকবেন বিজেপি প্রতীকে জয়ী বিধায়ক বা সাংসদরা। নিজের বিধানসভা বা লোকসভা এলাকা না হওয়া সত্ত্বেও একাধিক কলেজের দায়িত্ব তাঁদের হাতে তুলে দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সরাসরি এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেন, ভুলের উপর দাঁড়িয়ে সরকার চালানো বরদাস্ত করা হবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পাশাপাশি ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার পক্ষে জোরালো সওয়াল করেন তিনি।