৭২ ঘণ্টায় ভাঙবে চিনের হ্রদ, নেপালে কি আসছে বড় বিপর্যয়?
বার্তা ডেস্কঃ
প্রকৃতির রুদ্র তাণ্ডবে তছনছ নেপালে ফের ঘনাচ্ছে নতুন বিপদের কালো মেঘ। ভয়াবহ এই দুর্যোগে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে তিনশো মানুষ, নিখোঁজ প্রায় ১৬০০ জন। এই পরিস্থিতির মধ্যেই নেপাল-তিব্বত সীমান্তে সৃষ্টি হওয়া একটি হিমবাহ হ্রদ আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। চিনের জলসম্পদ মন্ত্রক জানিয়েছে, অতিরিক্ত জলের চাপে হ্রদটি ইতিমধ্যেই উপচে পড়তে শুরু করেছে। সম্ভাব্য এই ভয়াবহ বিপর্যয় এড়াতে কাঠমান্ডুকে জরুরি সতর্কবার্তা পাঠিয়েছে বেজিং। অন্যদিকে, নেপাল সরকারও নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে।
এদিকে এই পরিস্থিতির দায় পুরোপুরি এড়িয়ে চিন জানিয়েছে, কাঠমান্ডুর সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অন্যদিকে, এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভারতীয়রা। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন মাধ্যমে নেপালে বেড়াতে গিয়ে এখনও পর্যন্ত ২৮৮ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। পাশাপাশি, তিব্বতে উদ্ধারের অপেক্ষায় দিন গুনছেন আরও দু’শতাধিক পর্যটক। সব মিলিয়ে নতুন এই জলপ্রলয়ের চরম আশঙ্কায় এখন তটস্থ গোটা নেপাল।