ফসল বিমায় বড় স্বস্তি! কৃষকদের জন্য সময়সীমা বাড়াল কেন্দ্র
বার্তা ডেস্কঃ
রাজ্যের অনুরোধ ও কৃষকদের স্বার্থ বিবেচনা করে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নাম নথিভুক্তকরণের সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক রাজ্যকে পাঠানো চিঠিতে জানিয়েছে, চলতি খরিফ মরসুমে ঋণগ্রহীতা এবং ঋণ নেননি এমন উভয় শ্রেণির কৃষকেরাই এই বর্ধিত সময়ের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব, প্রতিকূল আবহাওয়া এবং তৃণমূলস্তরে নানা পরিচালনগত সমস্যার কারণে এ বছর কৃষকদের নাম নথিভুক্তকরণের হার কম ছিল। রাজ্যগুলির পক্ষ থেকে এই পরিস্থিতি অবিহিত করার পরেই কেন্দ্র সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত গ্রহণ করে, যা রাজ্যের চাষিদের জন্য এক বড় স্বস্তির খবর।
প্রাকৃতিক দুর্যোগ, কীটপতঙ্গ বা রোগের কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের আর্থিক সুরক্ষা প্রদানই এই প্রকল্পের মূল লক্ষ্য। ২০১৬ সালে সূচিত এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের উৎপাদনে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা হয়। কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়া কৃষকরাও সরাসরি এই সুরক্ষার আওতায় আসেন। নির্দিষ্ট মাপকাঠি পূরণ সাপেক্ষে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হয়। বর্ধিত এই সময়ের ফলে বাদ পড়ে যাওয়া কৃষকেরা সহজে নিজেদের নথিভুক্ত করতে পারবেন বলে মনে করা হচ্ছে।