‘আমার দেওয়া কালীঠাকুর রোজ পুজো করতেন’, প্রয়াত বিধায়কের বাড়িতে গিয়ে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী!

বার্তা ডেস্কঃ

রামপুরহাট: বীরভূম সফরে গিয়ে প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা সাবেক কৃষিমন্ত্রী ও বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের রামপুরহাটের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে নেমেই তিনি প্রয়াত বিধায়কের ছেলে শতদল বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরেন এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। সমবেদনা জানান আশিসবাবুর স্ত্রীকেও।

বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী আবেগঘন কণ্ঠে বলেন, “আমি একটি অনুষ্ঠানে তাঁকে একটি কালীঠাকুর দিয়েছিলাম। আশিসবাবু প্রতিদিন সেই ঠাকুর পুজো করে তবেই বাড়ি থেকে বেরোতেন। ওনাকে তো আর ফিরিয়ে আনতে পারব না, তবে পরিবারের পাশে থাকার সবরকম দায়িত্ব পালন করব।” তিনি জানান, পরিবারের সঙ্গে প্রশাসনিক বা রাজনৈতিক কোনো হয়রানির বিষয় ঘটেনি এবং আশিসবাবুকে দলমত নির্বিশেষে সকলেই শ্রদ্ধা করতেন।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট রামপুরহাটে নিজের বাড়ি সংলগ্ন পার্টি অফিস থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও বাজেয়াপ্ত করে পুলিশ। তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদের (টিআরডিএ) দুর্নীতিতে তাঁর নাম জড়ানোর অভিযোগ উঠলেও, মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন যে তাঁর বিরুদ্ধে কোনো এফআইআর বা পুলিশি জিজ্ঞাসাবাদ হয়নি।

উদ্ধার হওয়া সুইসাইড নোটে আশিসবাবু লিখে গিয়েছিলেন, “রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। সারাজীবন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকিনি, এক পয়সাও নিইনি।” টিআরডিএ-র টেন্ডার বা আর্থিক বিষয়ে তাঁর কোনো প্রত্যক্ষ ভূমিকা ছিল না দাবি করে নিজেকে অপমানিত ও কালিমালিপ্ত করার প্রতিবাদ জানিয়ে যান তিনি। মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনে কৃতজ্ঞতা প্রকাশ করে তাঁর ছেলে শতদল বন্দ্যোপাধ্যায় জানান, ঘটনা ঘটার প্রথম দিন থেকেই মুখ্যমন্ত্রী তাঁদের খোঁজখবর নিয়েছেন এবং পাশে থাকার পূর্ণ আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *