বাবার স্বাধীন চিকিৎসা চাই, কী লুকাচ্ছে সরকার?

বার্তা ডেস্কঃ

কারাগারে বন্দি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেট কিংবদন্তি ইমরান খান চরম একাকীত্ব ও শারীরিক-মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন তাঁর দুই ছেলে, কাসিম ও সুলাইমান খান। সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারা দাবি করেন, ইমরান খানকে দিনে ২৩ ঘণ্টা একটি ছোট সেলে বিচ্ছিন্ন রাখা হচ্ছে। এছাড়া তাকে বই পড়তে না দেওয়া, সন্তানদের সঙ্গে ফোনে কথা বলতে না দেওয়া এবং প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করার মতো অভিযোগও তোলা হয়েছে।

কাসিম ও সুলাইমান জানান, তাঁদের বাবা বর্তমানে হৃদস্পন্দনজনিত সমস্যা ও তীব্র উদ্বেগে (অ্যাংজাইটি) ভুগছেন। সম্প্রতি পাকিস্তান সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে তাঁকে বেসরকারি হাসপাতালের বদলে সরকারি হাসপাতালে নামমাত্র চিকিৎসা দিয়ে তড়িঘড়ি আবার জেলে ফিরিয়ে আনা হয়। এ নিয়ে সন্দেহ প্রকাশ করে ইমরান-পুত্ররা অবিলম্বে একজন স্বাধীন ও নিরপেক্ষ চিকিৎসকের মাধ্যমে তাঁর স্বাস্থ্য পরীক্ষার দাবি জানিয়েছেন।

তবে ইমরান খানের ছেলেদের তোলা এই সমস্ত অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিয়েছে পাকিস্তান সরকার ও তথ্য-সম্প্রচার মন্ত্রক। সরকারের দাবি, আদালতের নির্দেশ মেনে তাঁর চিকিৎসা করা হচ্ছে এবং কারা কর্তৃপক্ষের রেকর্ডে তাঁর গুরুতর অসুস্থতার কোনো প্রমাণ নেই।

উল্লেখ্য, ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৩ সালে তোশাখানা দুর্নীতি মামলায় গ্রেফতার হন ইমরান খান। তাঁর বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে, যা তিনি ও তাঁর সমর্থকরা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করে আসছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *