২০০৩-এর রেকর্ড ভেঙে চিত্রকূটে ভয়াবহ বন্যা, জলবন্দি জনজীবন!
বার্তা ডেস্কঃ
উত্তর প্রদেশের চিত্রকূটে মন্দাকিনী নদীর জলস্তর বিপদসীমার ৯ মিটার উপর দিয়ে বইতে শুরু করায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদীর প্রবল স্রোতে একাধিক সেতু ও রাস্তা ভেসে গিয়ে জেলার বাইরের সাথে সমস্ত প্রধান সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ২০০৩ সালের সমস্ত রেকর্ড ভেঙে মন্দাকিনীর জল রামঘাট এলাকায় নির্ধারিত ১২৬ মিটারের পরিবর্তে ১৩৫ মিটারে পৌঁছেছে।
পরিস্থিতি মোকাবিলায় মারকুন্ডি, মানিকপুর ও কারভি থানা এলাকায় চরম সতর্কতা জারি করা হয়েছে। মন্দাকিনীর তীরবর্তী মন্দির ও ডুবে যাওয়া বাড়িগুলিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে নৌকার পাশাপাশি বিশেষ দুটি হেলিকপ্টার এবং ডুবুরি নামানো হয়েছে। চিত্রকূট ধাম স্টেশন এবং মানিকপুর-সাতনা সেকশনে ট্রেন চলাচল অত্যন্ত ধীর গতিতে চালানো হচ্ছে। চিত্রকুট ধামের কমিশনার ও ডিআইজি ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ তদারকি করছেন এবং সাধারণ মানুষকে নদীর আশপাশ থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।