ক্যামাক স্ট্রিট কাণ্ডে বড় মোড়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশের সমন!

বার্তা ডেস্কঃ

ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বিলবোর্ড অপসারণকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামা পুলিশের সঙ্গে দপ্তরের নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি ও মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় কলকাতা পুলিশের পক্ষ থেকে তিনটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে, যেখানে ডায়মন্ড হারবারের সাংসদের নামও অন্তর্ভুক্ত রয়েছে। এই আইনি জটিলতার জেরে এবার তদন্তকারী আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেইমতো শেক্সপিয়র সরণি থানার পুলিশ শনিবার রাতে তাঁর কালীঘাটের বাসভবনে গিয়ে হাজিরার নোটিস পৌঁছে দেয়।

পুলিশ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সরকারি কাজে বাধা দেওয়া এবং পুলিশকর্মীদের মারধর ও হেনস্থার অভিযোগে ইতিমধ্যে এই মামলায় মোট ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একের পর এক অভিযোগে নাম জড়ানোয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। হাই কোর্টের আগের রক্ষাকবচ থাকলেও সাম্প্রতিক এই ঘটনায় নতুন করে আইনি বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *