যাদবপুরের বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলা হলো, ড্রোনের নজরদারির হুঁশিয়ারি শুভেন্দুর!
বার্তা ডেস্কঃ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির পর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেওয়াল থেকে বিতর্কিত রাজনৈতিক স্লোগান মুছে ফেলার কাজ শুরু হয়েছে। শুক্রবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আয়োজিত এক বিশাল ‘বন্দে মাতরম’ কর্মসূচির মঞ্চ থেকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজরদারির জন্য ড্রোন ওড়ানোর ঘোষণা দেন এবং প্রাক্তন ছাত্রদের হস্টেলে অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “কোথায় কী হচ্ছে সব খুঁজে বের করব। আমি জঞ্জাল সাফাই করতে জানি।”
সমাবেশ থেকে ক্যাম্পাসে ওঠা ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’সহ বিভিন্ন বিতর্কিত স্লোগানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, মহান বিপ্লবীদের আত্মত্যাগে অর্জিত এই মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে প্রশ্রয় দেওয়া হবে না। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের বামপন্থী প্রভাবের সমালোচনা করলেও, যাদবপুরকে ‘সেন্টার অফ এক্সেলেন্স’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কাছে এক হাজার কোটি টাকার প্রস্তাব পেশের কথাও জানান তিনি। এই কড়া বার্তার পরই ক্যাম্পাসের দেওয়াল জুড়ে থাকা বহু স্লোগান সাদা চুনকাম দিয়ে মুছে ফেলতে দেখা যায়।