হঠাৎ বন্ধ আড়াই হাজারের বেশি পেট্রল পাম্প, তালিকায় আপনার এলাকা নেই তো?
বার্তা ডেস্কঃ
পেট্রলের গুণমান ও সুরক্ষা নিশ্চিত করতে দেশজুড়ে কঠোর পদক্ষেপ করল কেন্দ্র। সরকারি তেল সংস্থা এবং পেট্রোলিয়াম মন্ত্রকের যৌথ কোয়ালিটি-কন্ট্রোল অভিযানের জেরে দেশজুড়ে মোট ২,৫৭৩টি রিটেল পেট্রল পাম্পে সাময়িকভাবে জ্বালানি বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বভারতীয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই অভিযানের আওতায় রয়েছে দেশের তিন প্রধান সরকারি তেল সংস্থা। এর মধ্যে ইন্ডিয়ান অয়েলের ১,২৫৭টি, হিন্দুস্তান পেট্রোলিয়ামের ৯১৫টি এবং ভারত পেট্রোলিয়ামের ৪০১টি পাম্পে আপাতত পেট্রল বিক্রি বন্ধ রাখা হয়েছে। মূলত ইথানল মিশ্রিত পেট্রল বিতর্কের মাঝেই এই তদারকি শুরু হয়েছে।
দেশজুড়ে প্রায় ৮৯ হাজার রিটেল আউটলেটে এই বিশেষ পরীক্ষা চালানো হচ্ছে। পাম্পগুলির ভূগর্ভস্থ তেলের ট্যাঙ্কে জল প্রবেশ করছে কিনা বা অন্য কোনো অপারেশনাল বা প্রযুক্তিগত ত্রুটি রয়েছে কিনা, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। ট্যাঙ্কের সুরক্ষা এবং সঠিক মান বজায় রাখতে দিনে একাধিকবার পরীক্ষা করা হচ্ছে। কোনো রকম গাফিলতি বা ত্রুটি ধরা পড়লেই সংশ্লিষ্ট পাম্পে জ্বালানি সরবরাহ সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। সাধারণ মানুষের সুরক্ষা এবং মানসম্মত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই ব্যাপক অভিযান চালিয়েছে তেল মন্ত্রক।