চোখের পলকে গঙ্গার গ্রাসে তলিয়ে গেল আস্ত স্কুল!

বার্তা ডেস্কঃ

শনিবার রাতে মালদহের রতুয়া-১ ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের পশ্চিম রতনপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় অংশ গঙ্গাবক্ষে তলিয়ে গেছে। গঙ্গার জলস্তর বৃদ্ধির কারণে নদীর পাড়ের মাটি ধসে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর ফলে বিদ্যালয়টির পঠনপাঠন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে এবং বাকি অংশটিও নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘটনার জেরে চরম বিপাকে পড়েছেন এলাকার পড়ুয়ারা ও তাদের অভিভাবকরা। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে আপাতত বিকল্প কোনো স্থানে পঠনপাঠন চালুর ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যে ভাঙনের কবলে পড়ে বহু পরিবার গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের তীব্র অভিযোগ, জলস্তর বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনের রুদ্ররূপ আরও মারাত্মক আকার ধারণ করলেও প্রশাসনের তরফ থেকে জোরালো কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে ভাঙন রোধ করা না হলে এলাকার অবশিষ্ট পরিকাঠামো ও বসতিও নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্গত ও আতঙ্কিত এলাকাবাসী দ্রুত স্থায়ী ও কার্যকরী প্রশাসনিক পদক্ষেপের জোরালো দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *