চিরতরে বিদায় নিলেন ‘মা-মাসি কিচেন’-এর প্রিয় জ্যোতিপ্রসাদ দাদু!

বার্তা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়া মানেই শুধু চোখধাঁধানো সেটআপ বা পেশাদার আয়োজন নয়, মাঝেমধ্যে সাধারণ ঘরোয়া মুহূর্তও স্পর্শ করে কোটি মানুষের হৃদয়। তেমনই এক পরিচিত নাম ছিল জ্যোতিপ্রসাদ বসু ও শিউলি বসুর ‘মা-মাসি কিচেন’। কিন্তু এবার চিরতরে ভেঙে গেল সেই ভালোবাসার জুটি। প্রয়াত হলেন সকলের প্রিয় ‘মা-মাসি কিচেন’-এর দাদু, জ্যোতিপ্রসাদ বসু।

গত ১৩ অগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই সিওপিডি (COPD) ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত ৭ অগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। রবিবার সকালে পরিবারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া পেজে এই দুঃসংবাদটি জানানো হয়।

নিউ টাউনের একটি সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকেই শুরু হয়েছিল এই পেজের পথচলা। সেখানে ছিল না কোনো তারকাখচিত আয়োজন; ছিল শুধুই বাঙালি রান্নার স্বাদ আর এক প্রবীণ দম্পতির মধুর খুনসুটি। স্ত্রীর হাতে পছন্দের রান্না খাওয়ার আবদার আর খাওয়া শেষে জ্যোতিপ্রসাদবাবুর সেই তৃপ্তির অভিব্যক্তি ও প্রাণখোলা হাসিই মন জয় করেছিল নেটিজেনদের।

পেজে কয়েকদিন ধরে নতুন ভিডিও না আসায় উদ্বিগ্ন ছিলেন অনুরাগীরা। রবিবারের এই খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে তাঁদের অনুগামীদের মধ্যে। ‘মা-মাসি কিচেন’-এ হয়তো ভবিষ্যতে আবার রান্না হবে, কিন্তু জ্যোতিপ্রসাদ দাদুর সেই সস্নেহ উপস্থিতি আর প্রিয় হাসিমুখটি শুধুই স্মৃতি হয়ে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *