জেল থেকে মাদুরোর হুংকার, ভেনেজুয়েলা কি আবার ঘুরে দাঁড়াবে!
বার্তা ডেস্কঃ
আমেরিকা ও ভেনেজুয়েলার মধ্যে ঐতিহাসিক তেল চুক্তি ঘিরে আন্তর্জাতিক মহলে যখন শোরগোল, ঠিক তখনই প্রকাশ্যে এল নিউ ইয়র্কের জেলে বন্দি ভেনেজুয়েলার প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রথম ছবি। রবিবার তাঁর অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দু’টি ছবি পোস্ট করা হয়, যেখানে ৬৩ বছর বয়সি মাদুরোকে ধূসর ট্র্যাকসুট পরে দুই আঙুলে ‘ভিক্ট্রি সাইন’ দেখাতে দেখা গেছে। আগের তুলনায় কিছুটা রোগা হলেও তাঁর এই আত্মবিশ্বাসী বার্তা বিশ্ব রাজনীতিতে নতুন করে নজর কেড়েছে।
ছবি ঘিরে রহস্য ও মেটাডেটা: ক্যামেরার মেটাডেটা অনুযায়ী ছবিগুলি ২৫ জুনের তোলা হলেও তা রবিবার প্রকাশ্যে আনা হয়। ব্রুকলিনের উচ্চ নিরাপত্তাবেষ্টিত জেল থেকে এই ছবি কীভাবে বাইরে এল কিংবা কে বা কারা তাঁর এক্স হ্যান্ডেল থেকে এটি পোস্ট করল, তা এখনও স্পষ্ট নয়।
কী বার্তা দিলেন মাদুরো? ছবিগুলির ক্যাপশনে পরিজন ও সমর্থকদের উদ্দেশ্যে মাদুরো লেখেন, “আমাদের ভালোবাসেন এমন মানুষদের জন্য এই ছবিগুলো উপহার। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। আমরা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকব। ঈশ্বর আমাদের সাথে আছেন, ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।”
কেমন কাটছে জেলজীবন? সংবাদ সংস্থা এএফপি সূত্রে জানা গেছে, জেলে ইন্টারনেট বা সংবাদপত্র ব্যবহারের সুযোগ পাচ্ছেন না মাদুরো। তবে পরিবার ও আইনজীবীদের সাথে মাসে ৩০০ মিনিট (প্রতিবার সর্বোচ্চ ১৫ মিনিট) ফোনে কথা বলার অনুমতি রয়েছে। মাদুরোর ছেলের কথায়, বর্তমানে বাইবেল পড়েই বেশিরভাগ সময় কাটাচ্ছেন তাঁর বাবা।
প্রেক্ষাপট ও ট্রাম্পের তেল চুক্তি: চলতি বছরের জানুয়ারিতে কারাকাস থেকে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করে নিয়ে যায় আমেরিকান সেনা। মাদক ও বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা চলছে, যদিও সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন মাদুরো। ঘটনাক্রমে, মাদুরোর ছবি পোস্টের কয়েক ঘণ্টা আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মধ্যে এক বড় তেল চুক্তির ঘোষণা হয়। ট্রাম্প জানান, ভেনেজুয়েলার এই তেল আমেরিকার ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’-এ সংরক্ষিত রাখা হবে।