ঝাড়গ্রামে নাবালিকাকে পাশবিক নির্যাতন, অভিযুক্তের ফাঁসির দাবিতে রণক্ষেত্র রাজ্য সড়ক!
বার্তা ডেস্কঃ
টিউশনে যাওয়ার পথে এক নাবালিকা স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রামের বেলপাহাড়ি এলাকা। গত ২৩ অগস্ট ঘটে যাওয়া এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের ফাঁসির দাবিতে রবিবার সকাল থেকেই ঝাড়গ্রাম-বাঁকুড়া ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এঠালা মোড়ে টায়ার জ্বালিয়ে ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় বসে পড়েন গ্রামের সাধারণ মানুষ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর চালায় বলেও অভিযোগ ওঠে।
অভিযোগ অনুসারে, ঘটনার দিন স্থানীয় এক টোটোচালক নাবালিকাকে টিউশনে পৌঁছে দেওয়ার নাম করে জঙ্গলঘেরা নির্জন স্থানে নিয়ে যায় এবং সেখানে তার ওপর পাশবিক অত্যাচার চালায়। বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভয়ে নাবালিকা দু’দিন স্কুলে যাওয়া বন্ধ করে দিলে পরিবারের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে পুরো ঘটনাটি সামনে আসে।
গত ২৫ অগস্ট নাবালিকার পরিবার বেলপাহাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ সে রাতেই অভিযুক্ত রূপকুমার দাসকে গ্রেপ্তার করে। বর্তমানে সে জেল হেফাজতে রয়েছে। তবে গ্রামবাসীদের দাবি, কেবল গ্রেপ্তার করলেই চলবে না; দ্রুত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীকে কঠোরতম শাস্তি দিতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা জানান, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত দ্রুত গতিতে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট জমা দিয়ে যাতে আদালতের বিচারপ্রক্রিয়া শুরু করা যায়, পুলিশ সে বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নিচ্ছে। নাবালিকার পরিবারের সঙ্গেও প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে বলে তিনি আশ্বস্ত করেন।