দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙচুর! ২৪ ঘণ্টার আল্টিমেটাম কংগ্রেসের

বার্তা ডেস্কঃ

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি সরিয়ে ঝোপঝাড়ে ফেলে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাথমিক স্কুলের কাছে একটি মেডিটেশন সেন্টারের সামনে দীর্ঘ দিন ধরে নেহরুর এই মূর্তিটি বসানো ছিল।

কংগ্রেসের অভিযোগ, শুক্রবার ওই এলাকায় একটি রাখিবন্ধন কর্মসূচি চলাকালীন ক্রেন এনে পরিকল্পিতভাবে মূর্তিটি তুলে নিয়ে গিয়ে পাশের ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে স্থানীয় বিজেপি নেতৃত্বের পাশাপাশি দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক উপস্থিত ছিলেন বলে দাবি কংগ্রেসের। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রবিবার সরব হন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনি ঘটনাটিকে দেশের প্রথম প্রধানমন্ত্রীর প্রতি চরম আসাম্মানজনক বলে ব্যাখ্যা করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ পদক্ষেপ না করলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে জেলা কংগ্রেস।

অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো দূরতম সম্পর্কও নেই। তাঁর পাল্টা দাবি, কংগ্রেসের অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই এই ঘটনা ঘটেছে। কংগ্রেসের একটি অংশ তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে রাজনৈতিকভাবে হেয় করতেই এই ধরণের চক্রান্ত করছে বলে দাবি করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *