মহানায়কের জন্মশতবর্ষে আবেগপ্রবণ মোদী, উত্তম কুমারের অসামান্য পরিশ্রমকে কুর্নিশ!

বার্তা ডেস্কঃ

আগামী ৩ সেপ্টেম্বর বাংলা সিনেমার ‘মহানায়ক’ উত্তম কুমারের জন্মশতবর্ষ। তার ঠিক আগেই ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৭তম পর্বে কিংবদন্তী এই অভিনেতাকে স্মরণ করে গভীর শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, উত্তম কুমার ছিলেন এক বহুমুখী প্রতিভা, যিনি নিজের অসাধারণ অভিনয় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দর্শকদের মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছিলেন। ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর অরুণ কুমার চট্টোপাধ্যায় হিসেবে জন্মানো এই ম্যাটিনি আইডল তিন দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। সত্যজিৎ রায়ের সঙ্গে তাঁর কাজের কথা উল্লেখ করে মোদী জানান, ‘নায়ক’ ছবির চিত্রনাট্য উত্তম কুমারকে মাথায় রেখেই লেখা হয়েছিল।

প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি ছবি ব্যর্থ হলেও ১৯৫২ সালের ‘বসু পরিবার’ এবং ১৯৫৩ সালের ‘সাড়ে চুয়াত্তর’ তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। সুচিত্রা সেনের সঙ্গে তাঁর জুটি বাংলা সিনেমাকে সোনালী যুগ উপহার দিয়েছে। ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ও ‘চিড়িয়াখানা’ ছবির জন্য তিনি সেরা অভিনেতার জাতীয় পুরস্কার অর্জন করেন। অভিনয় ছাড়াও পরিচালনা ও সঙ্গীতে তাঁর অবদান ছিল অনস্বীকার্য। ১৯৮০ সালের ২৪ জুলাই প্রয়াত হলেও বাঙালির হৃদয়ে আজও তিনি সমানভাবে উজ্জ্বল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *