বিরাটের বাঁ হাতে কোন রহস্যময় ট্যাটু, ভক্তদের মনে কৌতূহল!
বার্তা ডেস্কঃ
ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় তারকা বিরাট কোহলিকে নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। তাঁর ফ্যাশন থেকে শুরু করে শরীরজুড়ে থাকা নানা ট্যাটু সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে কোহলির বাঁ হাতের বাইসেপের কাছে নতুন একটি নকশা দেখা গেছে। জলের ওপর বিন্দু পড়ার পর যেমন চারদিকে ঢেউ ছড়িয়ে পড়ে, ট্যাটুটি দেখতে অনেকটা সেই রকমই। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া এই ছবি মুহূর্তের মধ্যে অনুরাগীদের নজর কেড়েছে।
জানা গেছে, পুরনো ট্যাটুগুলি মুছে ফেলার বদলে সেগুলিকে নতুনভাবে সাজিয়ে একটি সম্পূর্ণ স্লিভ ট্যাটু তৈরির পরিকল্পনা করেছেন তিনি। এর আগে শিবের থেকে অনুপ্রাণিত আর্মব্যান্ড ট্যাটু এবং পদ্ম ফুলের মোটিফের মতো বেশ কিছু নকশা সেখানে যুক্ত করা হয়েছে। যা অধ্যবসায়, অন্তরের শান্তি ও জীবনের যাত্রাকে ফুটিয়ে তোলে। তবে এই নতুন নকশার প্রকৃত অর্থ কী, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কোহলি। আপাতত তাঁর নতুন এই রূপ ও শৈল্পিক সৃষ্টি ভক্তদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেছে।